কানাডায় নির্মিত নতুন একটি বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন জায়েদ খান ও অধরা খান। এবার এই সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়িকা শিরিন শিলা। ‘ভায়োলেন্স’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন অভিনেতা কামাল হোসেন বাবর। বৃহস্পতিবার কানাডার টরন্টোতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। নতুন সিনেমায় যুক্ত হয়ে শিরিন শিলা বলেন, আমি আজ নতুন একটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলাম। ‘ভায়োলেন্স’ শিরোনামের
চলচ্চিত্রের শুভ মহরত হলো। সম্পূর্ণ চলচ্চিত্রটির শুটিং কানাডায় হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। টিভি নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন শিরিন শিলা। এক যুগ আগে বড় পর্দায় পা রাখেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘হিটম্যান’। ২০১৪ সালে মুক্তি পায় এটি। এতে তার সহশিল্পী ছিলেন- শাকিব খান, অপু বিশ্বাস, জয় চৌধুরী। একই বছর মুক্তি পায় শিলার ‘ক্ষণিকের ভালোবাসা’ সিনেমা। শিরিন শিলা অভিনীত সিনেমাগুলো হলো- ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘শেষ বাজি’, ‘বেগম জান’, ‘এক কোটি টাকা’, ‘ঘর ভাঙা সংসার’ প্রভৃতি। তাছাড়াও শিরিন শিলা অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
