ভয়াবহ ভূমিধস ও বন্যার সময় নেপালে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার সিনেমা ‘শিকার’র পুরো টিম। পরিস্থিতি বিবেচনা করে এবং মানবিক কারণে নেপালের শুটিং শিডিউল স্থগিত করে নিরাপদে ঢাকায় ফিরেছেন তারা। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে গিয়েছিলেন অপু বিশ্বাসসহ বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী। পাহাড়ি অঞ্চলের মনোরম পরিবেশে শুটিং চললেও হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে কঠিন হয়ে ওঠে পরিস্থিতি।
শুক্রবার রাতে ঢাকায় পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, গত ২৬শে আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগটি ঘটে। কাকতালীয়ভাবে তাদের পরিকল্পনা ছিল ২৭শে আগস্ট একই পথ দিয়ে যাত্রা করার। ভ্রমণের সময় একদিন পর হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ‘শিকার’ টিম। অপু বলেন, আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহ্র অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল।
তবে দুর্যোগটি এতটাই ভয়াবহ ছিল যে, ওই রাস্তাটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যাতায়াত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পারায় শান্তি লাগছে। এই দুর্যোগের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও কষ্টের। অভিনেত্রী আরও বলেন, সত্যি বলতে যারা বড় ক্ষতির মুখোমুখি হয়েছেন, তারাই এর কষ্টটা সবচেয়ে ভালো বুঝতে পারবেন। আমরা নেপালিদের কথা নিজের কানে শুনেছি, তাদের আহাজারি দেখেছি। সেই দৃশ্য ও অনুভূতি কীভাবে ভাষায় প্রকাশ করবো- তা সত্যিই আমার জানা নেই।
