বৃটিশ নাগরিকত্বের বিষয়ে প্রশ্নের জবাবে নিজেকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেছেন, দেশের জন্য কাজ করতেই তিনি দায়িত্ব নিয়েছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৃটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আমি বাংলাদেশি। আমি মনে করি না, কেউ আমার বাংলাদেশি পরিচয় ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে। তিনি বলেন, এখানে আসার উদ্দেশ্য বাংলাদেশের জন্য কাজ করা। কোনো সুবিধাভোগী লোক এটা করবে না।
সাংবাদিকরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা চলছে এবং এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানতে চান, কোথায় এ আলোচনা হয়েছে। তখন একটি গণমাধ্যমের নাম বলা হয়। জবাবে হুমায়ুন কবির বলেন, তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনুদ্দিন, ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? নাকি।
পরে তিনি দেশের পক্ষে অবস্থান নেয়া মানুষ, গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের পক্ষে জোরালো অবস্থান নেয়া মানুষ, দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়Ñ এই সমস্ত মিডিয়া, দেশবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।
