ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপের আঘাতে পৌরসভার ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকত (৪৩) নিহত হয়েছেন। রোববার রাত ১২টায় পৌর শহরের টিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান। নিহত আল আমিন পৌর শহরের আড়াই ব্যাপারী বাড়ির মৃত জসিম মিয়ার ছেলে। এ বিষয়ে ভৈরব থানা পুলিশ তদন্তের স্বার্থে কিছু বলতে না চাইলেও নিহতের মা রোকিয়া বেগম বলেন, পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্বে ছেলের এ হত্যার ঘটনা ঘটতে পারে। রোববার রাত সাড়ে ১১টায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে পৌর শহরের রানীর বাজার শাহী মসজিদের পেছনে নিজ বাসায় যাওয়ার পথে ওত পেতে থাকা ২ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে।

এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন আল আমিন। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। হাসপাতালে নেয়ার পথে আল আমিন সৈকত মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর থেকে নিহতের চাচার পরিবার বাড়িঘর তালাবদ্ধ রেখে পালিয়ে গেছে। এ বিষয়ে নিহতের স্ত্রী তানিয়া বেগম বলেন, আমার স্বামী রাজনৈতিক মামলায় ও জমি সংক্রান্ত পারিবারিক মামলায় জেল খেটেছে। তার অনেক শত্রু ছিল। ২৩শে আগস্ট রাতে আমার স্বামী বাসায় আসার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। নিহতের মা রোকিয়া বেগম বলেন, আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিতো তার চাচাতো ভাইয়েরা।

জমি নিয়ে বিরোধ ছিল- কিন্তু সে বিরোধও মিটিয়ে ফেলা হয়েছিল। তবে আমার ছেলেকে ঘরের শত্রুরাই হত্যা করেছে। আমি দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে তাদের ফাঁসি চাই। এ বিষয় ভৈরব থানার ওসি বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। রিপোর্ট ও নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।