আফগানিস্তানে পাক বাহিনীর অতর্কিত হামলা, একাধিক চৌকি-স্থাপনা ধ্বংস

আফগানিস্তানে পাক বাহিনীর অতর্কিত হামলা, একাধিক চৌকি-স্থাপনা ধ্বংস

ফন্ট সাইজ:

খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার জেলার সীমান্তবর্তী এলাকায় আফগান তালেবানের একাধিক সামরিক চৌকি ও স্থাপনা ধ্বংস করে দেয়ার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। নিরাপত্তা সূত্রের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গত ২৭ অক্টোবর আঙ্গুর আদ্দা এলাকায় কাবুল সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিনা উসকানিতে গুলিবর্ষণের জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর অভিযানের মুখে আফগান তালেবান সদস্যরা নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যায় বলে দাবি করেছে পাক নিরাপত্তা সূত্র। এ ছাড়া হামলায় তালেবানের বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আদ্দা এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় আফগান বাহিনী। এর জবাবে আফগান তালেবানের একাধিক সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে।

দক্ষিণ ওয়াজিরিস্তানের নিম্নাঞ্চলের ডেপুটি কমিশনার জানান, আফগান তালেবান বাহিনী আঙ্গুর আদ্দা বাজার ও আশপাশের আবাসিক এলাকায় বিনা উসকানিতে গুলি চালায়। এ সময় একটি মর্টার শেল এলাকায় আঘাত হানে। এতে এক বেসামরিক নাগরিক নিহত এবং আরও পাঁচজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি দোকান।

ডেপুটি কমিশনার আরও জানান, হামলার জবাবে সীমান্তে মোতায়েন পাকিস্তানি বাহিনী কার্যকর ও জোরালো পাল্টা ব্যবস্থা নিচ্ছে।

নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তান সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে সীমান্তের ওপারে আফগান তালেবানের কয়েকটি চৌকি ধ্বংস করেছে।