বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফর (২৬-২৯ অক্টোবর ২০২৬) জাপানের মূলধারার গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে, বেসরকারি টেলিভিশন চ্যানেল টিভি আসাহি, প্রভাবশালী সংবাদপত্র সানকেই, সংবাদ সংস্থা কিয়োদো ও জিজি প্রেসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচি, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো স্থান পেয়েছে।
শুধু সংবাদমাধ্যমেই নয়, জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা এবং বিভিন্ন ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সংবাদমাধ্যমেও প্রধানমন্ত্রীর সফর ও সংশ্লিষ্ট বৈঠকগুলো গুরুত্ব পেয়েছে।
২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শীর্ষ বৈঠক ছিল জাপানি গণমাধ্যমের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান, দুই নেতার করমর্দন, দ্বিপক্ষীয় বৈঠক এবং যৌথ সংবাদ সম্মেলনের ছবি ও ভিডিও সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে ‘উচ্চপর্যায়ের বৈঠকে অর্থনীতি ও নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত’ শিরোনামে সংবাদ প্রচার করে। এতে অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তা খাতে দুই দেশের অংশীদারত্বের বিষয়টি তুলে ধরা হয়।
অন্যদিকে, জাপানের প্রভাবশালী সংবাদপত্র সানকেই দুই নেতার বৈঠককে কেন্দ্র করে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করে।
সংবাদ সংস্থা কিয়োদোর প্রতিবেদন ইয়াহু নিউজ জাপানেও প্রকাশিত হয়। এতে জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি আগামী কয়েক বছরে বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হয়।
জিজি প্রেসের সংবাদও নিপ্পন ডটকমে প্রকাশিত হয়। সেখানে আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত জাপানি বিনিয়োগের পরিকল্পনা এবং বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর সক্ষমতা বাড়াতে জাপানের টহল জাহাজ দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
জাপানের আরেকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল টিভি আসাহিও দুই দেশের শীর্ষ বৈঠকের সংবাদ প্রচার করে। এতে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক সংবাদমাধ্যমেও সফর-
জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা ২৮ অক্টোবর তাদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংস্থার প্রেসিডেন্ট আকিহিকো তানাকার বৈঠকের সংবাদ প্রকাশ করে। এতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা গণপরিবহন ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি উল্লেখ করা হয়।
এ ছাড়া ২৮ অক্টোবর জাপানি প্রতিষ্ঠান উইক ও গ্রামীণ গ্রুপের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ উইক’ প্রতিষ্ঠার সংবাদও পিআর টাইমসে প্রকাশিত হয়। এতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরা হয়।
বিনিয়োগ ও কৌশলগত সম্পর্কের নতুন সম্ভাবনা-
জাপানি গণমাধ্যমগুলোর সংবাদ বিশ্লেষণে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের প্রচারের ক্ষেত্রে অর্থনৈতিক অংশীদারিত্ব, জাপানি বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
বিশেষ করে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনা এবং বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি অঞ্চল উন্নয়নে দুই দেশের সহযোগিতার বিষয়টি জাপানি সংবাদমাধ্যমের আলোচনায় উল্লেখযোগ্য স্থান পেয়েছে।
সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর শুধু দ্বিপক্ষীয় কূটনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম, সংবাদ সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংবাদমাধ্যমেও তা স্থান পেয়েছে। বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের গুরুত্ব যে দেশটির গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে, এসব প্রতিবেদন তারই প্রমাণ।
সুত্র - ১, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় -দুই নেতার বৈঠক । ২ , এনএইচকে - তারেক রহমান ও সানায়ে তাকাইচির বৈঠক । ৩ , সানকেই - অর্থনৈতিক সহযোগিতা জোরদার । ৪ , ইয়াহু নিউজ - কিয়োদো সংবাদ , জিজি প্রেসের সংবাদ ,টিভি আসাহি - শীর্ষ বৈঠকের সংবাদ । ৭ , জাইকা - প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ।
এবং অন্যান্য সংবাদ মাধ্যম
জাপানি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত তারেক রহমানের জাপান সফর
রাহমান মনি, টোকিও থেকে
অনলাইন
৪৮ মিনিট আগে
৩০ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ৬ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
