নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

ফন্ট সাইজ:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে সীমান্ত পিলার-৫২-এর কাছাকাছি মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখা থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। এতে সাইফুলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। তথ্যমতে, বাঁশ কাটার উদ্দেশ্যে সাইফুল মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সাবের।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য স্থানীয়দের নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহতের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, জীবিকার প্রয়োজনে সীমান্তবর্তী এলাকার কেউ কেউ মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে বাঁশসহ বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ করেন। সেখানে ল্যান্ডমাইন ও চলমান সংঘাতের কারণে তাদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ ঠেকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সীমান্তে নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।