হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ঝাড়ু মিছিল

ফন্ট সাইজ:

চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। মিছিলটি পণ্ড করতে যুবদল নেতার সমর্থকরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হরিরামপুর উপজেলা চত্বর থেকে কয়েকশ’ ক্ষুব্ধ নারী-পুরুষ ঝাড়ু হাতে এক বিক্ষোভ মিছিল বের করেন। অভিযোগ উঠেছেÑ মিছিলটি হরিরামপুর থানার দিকে অগ্রসর হলে মোল্লা শাহিনের সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলকারীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরবর্তীতে তারা একজোট হয়ে প্রতিহত করার চেষ্টা করলে প্রতিপক্ষ স্থান ত্যাগ করে। ​পরবর্তীতে বিক্ষোভকারীরা পুনরায় উপজেলা চত্বরে ফিরে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। সেখানে বক্তারা অভিযোগ করে বলেন, যুবদল নেতা মোল্লা শাহিনের বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। দ্রুত এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানান তারা। ​ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত যুবদল নেতা মোল্লা শাহিনের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবজাল হোসেন জানান, যুবদল নেতা মোল্লা শাহিনের নেতৃত্বে যুবদলের একাংশ থানা ঘেরাও কর্মসূচি দিয়েছিল, তবে তারা থানা পর্যন্ত আসতে পারেনি। তারা আমাদের দৃষ্টিসীমানার বাইরে থেকে কর্মসূচি দিয়ে চলে যায়। আরেকটি পক্ষ সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে। এই পক্ষ থানার সামনে থেকে মিছিল করে চলে যায়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।​