কানাইঘাটে কয়েকটি পরিবারকে হামলা-মামলায় হয়রানির অভিযোগ

ফন্ট সাইজ:

সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের কুড়ারপার গ্রামে কয়েকটি পরিবারকে হামলা, মামলা ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। পরিবারের নারীরা রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারছেন না এবং শিশুরাও মক্তবে যেতে পারছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সোমবার সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কুড়ারপার গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম এসব বিষয় তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গ্রামের মুজিবুর রহমান ও তার ভাই মুহিবুর রহমান, সুয়েবুর রহমান, আলী আহমদ, সালমান, খলিলুর রহমান, জুবায়ের ও বাবুল আহমদসহ কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে কয়েকটি পরিবারকে বিভিন্নভাবে চাপের মধ্যে রাখা হয়েছে। ফখরুল ইসলাম বলেন, বিরোধের সূত্রপাত প্রায় ১৬ বছর আগে কুড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামতের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা নিয়ে। সে সময় মুজিবুর রহমান বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এলাকাবাসীর পক্ষ থেকে বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলে সিলেট জেলা শিক্ষা অফিসে আবেদন করা হলে তদন্ত হয়। পরে মুজিবুর রহমান ওই অর্থ ফেরত দেন। এ ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়।

তিনি বলেন, স্থানীয়ভাবে বিরোধ নিরসনে একাধিকবার উদ্যোগ নেয়া হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী ও স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে গত ১৭ই জানুয়ারি বিষয়টি আপস-মীমাংসা করা হয়েছিল। তবে কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। ফখরুল ইসলাম আরও বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে দু’টি খারিজ হয়েছে এবং দু’টি বর্তমানে চলমান। তিনি প্রশাসনের কাছে ঘটনাগুলো তদন্ত, সংঘাতের স্থায়ী সমাধান এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আব্দুল মুতলিব মেম্বার, হোসেন আহমদ শামীম, জবরুল ইসলাম, শমসুল ইসলাম, ফয়েজ আহমদ, ইকবাল আহমদ, তোতা মিয়া, মোহাম্মদ, হাসন আহমদ, নুরুল ইসলাম প্রমুখ।