পবিপ্রবিতে র‌্যাগিং

শাস্তি ১৩ শিক্ষার্থীর, হল থেকে বহিষ্কার ২ জন

ফন্ট সাইজ:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে র‌্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, গত ১২ই আগস্ট রাতে বিজয়-২৪ হলে নবাগত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে র‌্যাগিংয়ে জড়ানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে একই দিন অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৪৩তম সভায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ইএসএডিএম ফ্যাকাল্টির প্রিয়ম কুমার সাহা ও কৃষি অনুষদের মো. আসিফ জাহানকে র‌্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব, সংঘটন এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে আরও সাত শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া র‌্যাগিংয়ে অংশগ্রহণের অভিযোগে লক্ষণ চন্দ্র রায়কে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দিতে বলা হয়েছে, ভবিষ্যতে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সতর্কতা দেয়া হয়েছে। বিজয়-২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. মাসুদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে র‌্যাগিংয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, নতুন প্রশাসনের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার মান ও গুণগত দিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ধরনের অপসংস্কৃতির সঙ্গে জড়িয়ে পড়ায় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।