জৈন্তাপুরে গেটলক বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী নিহত, আহত ৩

ফন্ট সাইজ:

সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল গ্যাস ফিল্ড এলাকায় গেটলক বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম নামে মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের মেইন গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরী নুসরাত জাহান তাসনিম ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। আহতরা হলেনÑ মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগম। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেনÑ ঢাকা যাত্রাবাড়ী থেকে মোহাম্মদ আলীর বোন ও ভাগনিরা সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা সিএনজিচালিত অটোরিকশাযোগে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেন। চিকনাগুল গ্যাস ফিল্ডসের মেইন গেট এলাকায় পৌঁছালে সিলেটগামী গেটলক বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই নুসরাত নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয়পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়। ঘটনাস্থলে তামাবিল হাইওয়ে থানার পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানায়। তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।