ট্রাকে মিললো ৫ কোটি টাকার হেরোইন

ফন্ট সাইজ:

যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জে ট্রাকে অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হেরোইনের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা হেরোইন, ৮টি ইঞ্জেকশন ও ৪২টি অ্যাম্পলও জব্দ করেছেন তারা। আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী। পুলিশ কর্মকর্তা আরও জানান, অভিযানে ঢাকাগামী ট্রাকটি তল্লাশি করে হেরোইন, অ্যাম্পল ও ইনজেকশনসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।