দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসলো দুই শিশুর মরদেহ

ফন্ট সাইজ:

শেরপুরের নালিতাবাড়ীতে রোহান (৬) ও ইসমাইল (৭) নামে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। নিহত রোহান মধ্যনাকশী গ্রামের হযরত আলীর ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। ইসমাইল একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুর ১২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রোহান ও ইসমাইল। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তাদের সন্ধান পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, দুই শিশু মাঝে মধ্যে স্থানীয় নদী ও জলাশয়ে মাছ ধরতে নামতো। তবে তারা ভালোভাবে সাঁতার জানতো না। নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা তাদের খোঁজ করতে থাকেন। পরে সোমবার ভোরে মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুই শিশুর মৃত্যুর খবরে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।