২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্ আল-ফারুক। গত শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ২৫তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ পুনর্মিলনীতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীমা পারভীন, ২৫তম বিসিএস ফোরামের বিদায়ী সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়া, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবিরসহ বিভিন্ন বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। নবনির্বাচিত সভাপতি মো. আনিসুজ্জামান, পিপিএম এর আগে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ্ আল-ফারুক বর্তমানে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারে যোগ দেয়া ২৫তম বিসিএসের কর্মকর্তারা বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ দুই দশকের পেশাগত জীবনে এ ব্যাচের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রতিষ্ঠার পর থেকেই ২৫তম বিসিএস পুলিশ ফোরাম ব্যাচের সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করে আসছে।
