সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৭) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও উজ্জ্বল ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। নিহতের বড় বোন শামীমা আক্তার বলেন, উজ্জ্বল ছুটি কাটাতে বাড়িতে এসেছিল। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ বলেন, মরদেহ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা
২৫ আগস্ট (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
