বান্দরবানের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান: মাম্যাচিং

ফন্ট সাইজ:

অতীতের রাজনৈতিক মতপার্থক্য ও দ্বন্দ্ব ভুলে বান্দরবান পার্বত্য জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং। সোমবার সকালে জেলা পরিষদের সভাকক্ষে নবগঠিত পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণকালে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায় ও এলাকার প্রতিনিধিত্বকারী নবনিযুক্ত ১৪ সদস্যও দায়িত্ব গ্রহণ করেন।

নতুন পরিষদের সদস্যরা হলেন- চনুমং মারমা, মংক্যনু মারমা, লুসাই মং মারমা, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই লো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন তুষার, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মার্মা ও কাজী নিরুতাজ বেগম। দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান মাম্যাচিং বলেন, ‘অতীতে রাজনৈতিক কারণে আমাদের মধ্যে মতপার্থক্য বা দ্বন্দ্ব থাকতে পারে।

তবে এখন দায়িত্ব গ্রহণের পর ব্যক্তিগত কিংবা রাজনৈতিক ভেদাভেদকে প্রাধান্য না দিয়ে জেলার মানুষের স্বার্থকে সবার আগে রাখতে হবে।’ তিনি বলেন, বান্দরবানের সব সম্প্রদায় ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি নবনিযুক্ত সদস্যদের নিজ নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন সমস্যা ও জনগণের চাহিদা গুরুত্বের সঙ্গে তুলে ধরে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মনসুর আলম, নবনিযুক্ত সদস্যসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।