সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাবেদ আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার সকালে শান্তিগঞ্জ উপজেলার সদরপুর গ্রামে সিলেট-সুনামগঞ্জ সড়কের সদরপুর ভাঙা ব্রিজসংলগ্ন জামালের দোকানের সামনের সড়কে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক জাবেদ আহমদ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল কাদিরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, একটি ছাই রংয়ের গেঞ্জির ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে ৫ কেজি করে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া, একটি কালো রংয়ের গেঞ্জির ভেতরে নীল পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট থেকে ১ কেজি করে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সবমিলিয়ে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত কালো রংয়ের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-০৬১৪), ইনফিনিক্স ঢ৬৮৮৭ মডেলের একটি মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। জব্দ করা প্রাইভেটকারটির আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শান্তিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
