নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ক-জোনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁর আত্রাই থানার ব্রজপুর এলাকার সায়েম সরকারের ছেলে রকি সরকার ওরফে নাঈম (২৫), কিশোরগঞ্জের মিঠামইন থানার আসনপুর এলাকার সাহাবুলের ছেলে আজমান ওরফে লেম্বর (২৫) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে রায়হান (২৩)। তারা ফতুল্লার শান্তিধারা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গত ১৮ই আগস্ট সাইনবোর্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ মানিক গ্রুপের সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর কথা স্বীকার করেছে। এ ছাড়া মিলন-সাজিদ ও শান্তদের নেতৃত্বে অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির প্রস্তুতি নেয়ার কথাও তারা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৬টি রামদা, তিনটি তলোয়ার, দুটি ছুরি, একটি সুইচ গিয়ার, সাইকেলের স্পোক দিয়ে তৈরি দুটি কুড়াল এবং দুটি এসএস পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি’র এসআই রুবেল মিয়া বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।