বৃক্ষরোপণের পাশাপাশি অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আরও কাজ করতে ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একইসঙ্গে উন্নয়নকাজের মান নিশ্চিত করতে সাংবাদিকদের নিয়মিত নজরদারি ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তিনি।
গতকাল দুপুর ১টার দিকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কালীহালা এলাকায় পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন, পূবালী ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা বণিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, নেত্রকোণা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান এবং কলমাকান্দা উপ-শাখার ব্যবস্থাপক সুব্রত ভৌমিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কায়সার কামাল বলেন, কলমাকান্দা ও দুর্গাপুরে অনেক বেকার যুবক রয়েছেন। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের মানুষের সুপেয় পানির সংকট দূর করতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ব্যাংকগুলোকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। উন্নয়নকাজের মান নিশ্চিত করতে সাংবাদিকদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, কোনো প্রকল্প উদ্বোধনের পর শুধু উদ্বোধনের খবর প্রকাশ করলেই হবে না, কাজের মানও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
সম্প্রতি সংস্কার করা একটি সড়কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কাজ শেষ হওয়ার তিন মাস না যেতেই সড়কটিতে কয়েকটি গর্ত দেখা গেছে। এসব কাজের ঠিকাদার ও উপ-ঠিকাদার কারা, তা খুঁজে বের করে প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। কায়সার কামাল আরও বলেন, উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে প্রশাসন ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তথ্য অধিকার আইনের আওতায় সরকারি নথি সংগ্রহ করে অনিয়মের বিষয়গুলো অনুসন্ধান করার জন্যও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
