নারায়ণগঞ্জে সিএনজিচালক মো. জামাল হত্যা মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিল।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০১১ সালের ১৩ই জুলাই রাতে নারায়ণগঞ্জ সদর থানার চাষাড়ার আমলাপাড়ার ১৯১ প্রেসিডেন্ট রোড এলাকায় একটি বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেট থেকে বস্তাবন্দি অবস্থায় সিএনজিচালক জামালের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে ২০১১ সালের ১৩ই অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে মৃত্যুদণ্ড এবং মো. আকাশ আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ নম্বর আসামি মো. আরাফাত খান ওরফে শান্ত এবং ৪ নম্বর আসামি মো. খোকন মিয়াকে খালাস দেয়া হয়েছে।
