দু’বছর বন্ধ থাকার পর নৌকা বাইচ হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকা বাইচ-২০২৬ আয়োজনের প্রস্তুতিমূলক সভা হয়। সেখানে ১২ই সেপ্টেম্বর নৌকা বাইচ আয়োজনের তারিখ ঠিক করা হয়। এ ছাড়া, জাঁকজমকপূর্ণভাবে নৌকা বাইচ করতে সভায় নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জেলায় নৌকা বাইচ হয়নি। বাইচ আয়োজনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, সাংবাদিক পীযুষ কান্তি আচার্য, আল আমিন শাহিন, নৌকা বাইচ সংগঠক এডভোকেট মো. ইসহাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। সেই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে বাইচ আয়োজনে উস্কানিমূলক কোনো কিছু করা যাবে না। বাইচ উপভোগকারীরা তাদের নৌকায় সাউন্ড সিস্টেম বক্স চালাতে পারবে না বা উচ্চস্বরে বাদ্যযন্ত্র চালিয়ে নাচ-গান করতে পারবে না বলে সভায় সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, আমরা সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে এই বাইচ আয়োজন করতে চাই।
