সীতাকুণ্ডে দুর্ঘটনায় ৫টি গরুসহ বেপারীর মৃত্যু

ফন্ট সাইজ:

নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. আব্দুস সালাম (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে পাঁচটি মারা গেছে।

গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকার শেখপাড়া নামক স্থানে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়াপালং ইউনিয়নের মাদারপাড়া গ্রামের মৃত মীর আহাম্মদের ছেলে। আহতরা হলেনÑ ফাহিম, রশিদুল (রংপুর সদর) ও রায়হান উদ্দিন। তাদের মধ্যে ফাহিম ও রশিদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানায়, গরুবোঝাই ট্রাকটি উখিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে পন্থিছিলা শেখপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে ট্রাকে থাকা যাত্রীরা হতাহত হন এবং পাঁচটি গরু মারা যায়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসক আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিরা হাইওয়ে থানার ওসি মো. নূরুল আফসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটেছে।