দুর্ঘটনায় আক্রান্ত চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম জেলার নবনিযুক্ত সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। নতুন কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে তাকে বহনকারী এম্বুলেন্সকে একটি মিনিবাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা নতুন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

সাজেদুর রহমান জানান, এম্বুলেন্সে করে চট্টগ্রামে নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। বড় কুমিরা এলাকায় পৌঁছালে পাশ থেকে একটি মিনিবাস এম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে এম্বুলেন্সের এক পাশের কাঁচ ভেঙে যায় এবং ওই অংশটি দুমড়ে-মুচড়ে যায়। তিনি বলেন, দুর্ঘটনার সময় ভাঙা কাঁচের টুকরো তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এসে পড়ে। এতে তিনি ঝাঁকুনিও অনুভব করেন। দুর্ঘটনার পর এম্বুলেন্সটি ঘটনাস্থলে রেখে চট্টগ্রাম অফিসের একটি গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন নবনিযুক্ত সিভিল সার্জন। তিনি জানান, কিছুক্ষণের মধ্যেই কর্মস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

গত বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের বর্তমান সিভিল সার্জন জাহাঙ্গীর আলমকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। একই প্রজ্ঞাপনে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমানকে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়। যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি করা কর্মকর্তাদের ২৪শে আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫শে আগস্ট থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করার কথা জানানো হয়।