ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময়কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দেয়া হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪-৫জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার নিহতের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফনান সুমী এ ঘটনায় অপমৃত্যুর মামলা ও সাধারণ ডায়েরি হয়েছে কিনা যাচাইসহ তদন্ত করে প্রতিবেদন দিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলায় শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার ‘প্রয়াস’ নামের মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ইকরামুল হক ওরফে রুবেলকে (৪৫) প্রধান আসামি করা হয়। অন্য আসামিরা হলেনÑ মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক নরসিংদীর প্রমোদ কুমার বর্মণ (৪৬), সহযোগী জেলা শহরের কান্দিপাড়ার রিয়াদ আহমদ ওরফে রকসী (২৫), সাথী (৩০), আরিফ (৩২), সাকিব (২৫) ও শাহরিয়ার (৩৩)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫জনকে আসামি করা হয়েছে মামলায়।
গত ১৮ই আগস্ট রাতে ওই মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি থাকা ফোরকান (২৯) নামে জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের এক যুবকের মৃত্যু হয়। মাদক নিরাময় কেন্দ্রের পরিচালকদের বিরুদ্ধে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ফোরকান কাতার প্রবাসী ছিলেন। গত ছয় মাস আগে কাতার থেকে ছুটিতে দেশে আসেন। দেশে আসার দুই মাস পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এ ঘটনায় পরদিন ১৯শে আগস্ট দুপুরে এলাকার লোকজন সেখানে ভাঙচুর চালালে নিরাময় কেন্দ্রে থাকা ৪০ জন রোগী একসঙ্গে পালিয়ে যান। মৃত্যুর ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
