নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের চাপায় নাফিসা নাওয়াল নামে এক কলেজছাত্রী নিহত হওয়ার ঘটনায় ক্রেনচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে শামীম বিশ্বাস (৩১) নামে ওই চালককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকার বাসা থেকে রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে হাজী মুহাম্মদ মহসিন কলেজের পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন নাফিসা নাওয়াল। বন্দরটিলা নেভি হাসপাতালের বিপরীতে পৌঁছালে একটি রিকশাভ্যানকে পাশ কাটানোর সময় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান তিনি। এ সময় সল্টগোলা ক্রসিংয়ের দিকে যাচ্ছিল ম্যাক্স কোম্পানির একটি ক্রেন। ক্রেনটির চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন নাফিসা। দুর্ঘটনার পর চালক শামীম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা নাফিসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চালকের অবস্থান শনাক্ত করে রোববার রাতে ফ্রি পোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত নাফিসা নাওয়াল নগরীর দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
