বাহুবলে ‘মুজতবাচরিত’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, বহুভাষাবিদ ও পণ্ডিত ড. সৈয়দ মুজতবা আলীর জীবন ও কর্ম নিয়ে রচিত এ গ্রন্থটির প্রকাশনা উৎসব গতকাল সকাল ১১টায় হবিগঞ্জ জেলার বাহুবল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের প্রধান সামছুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। কলেজের শিক্ষার্থী অর্পিতা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা হাজী জমির উদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী আনসারী, বাহুবল কলেজের অধ্যক্ষ ও ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুর রব শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলা রম্যগদ্যের নির্মাতা ড. সৈয়দ মুজতবা আলী জন্ম তার পিতার কর্মস্থল ভারতের করিমগঞ্জ হলেও পৈতৃক নিবাস বাহুবল উপজেলা উত্তরসুর গ্রামে। গুণী লেখকের জীবন ও কর্মকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ, বাহুবল, হবিগঞ্জ কাজ করে যাচ্ছে। এ গ্রন্থটি উক্ত স্মৃতি পরিষদের একটি প্রকাশনা।
