রাঙ্গামাটিতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, সেবী ও এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চার মাদক কারবারির কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। ইয়াবাসহ গ্রেপ্তার চারজন বাঘাইছড়ির মো. ইরফান (১৯), রিজার্ভ বাজারের হাসান আলী (৩৫), তবলছড়ি মসজিদ কলোনির মো. সুমন (৩৮) এবং তবলছড়ি অফিসার্স কলোনির মো. মামুন আলম (৩৫)। তাদের হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সাগর দাশ (৩৩), চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. বাচা (২৯), রিজার্ভ বাজার এলাকার মো. আবুল হাশেম (৩৫), চেঙ্গীরমুখ-নাপ্পিঘাটা এলাকার মো. আমির হোসেন (৩৯) এবং রিজার্ভমুখ এলাকার প্রদীপ দে (৫৫) কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে জিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে রাঙ্গামাটি সদর উপজেলার ওমদামিয়া পাহাড় এলাকার ফজলে রাব্বী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
