উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যর মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল বশির উদ্দিন পাবনার আটঘড়িয়া উপজেলা সদরের আফসার আলীর ছেলে ও রেলওয়ে পুলিশের এসপি’র (পাকশী) গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আতিক হাসান বলেন, সোমবার সকালে রেলওয়ে পুলিশের এসপি (পাকশী) উল্লাপাড়া উপজেলার রেলওয়ে ওভারব্রিজ এলাকা পরিদর্শনে আসেন।

ওই সময় এসপি’র গাড়ির চালক ও বডিগার্ড পার্শ্বরাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় একটি সিএনজি পেছন থেকে এসে বশির উদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় বশিরকে প্রথমে উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয়্যা হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। সার্জেন্ট আতিক হাসান আরও বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পালিয়ে যাওয়া সিএনজি শনাক্ত করতে আশপাশের সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।