সরাইলে তিন এনজিও অফিসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ এনজিও অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গাফ্ফার (৩৫) নামের এক তালিকাভুক্ত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারকালে গাফ্ফার পুলিশের হাত থেকে ছুটে হামলার চেষ্টা চালায়। গত রোববার রাতে সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে সোমবার ভোরে গাফ্ফার পুলিশের কাছে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গাফ্ফার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের কাদির মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গত শুক্রবার গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন কুট্টাপাড়া এলাকায় বহুতল ভবনের তালা কেটে অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে ৩টি এনজিও অফিসে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় রাব্বি মিয়া নামের এক হিসাব কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির শনাক্তের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে তদন্তে নামে সরাইল থানা পুলিশ। তারা ডাকাতির ঘটনায় সন্দেহাতীতভাবে গাফ্ফারসহ দুইজনকে চিহ্নিত করেন। গত রোববার রাতে এসআই রাজীব বড়ুয়া ৭ পুলিশ সদস্য নিয়ে গাফ্ফারকে গ্রেপ্তার করতে খাঁটিহাতা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা গাফ্ফারকে আটক করার পর ধস্তাধস্তি করে ছুটে যায়।

এ সময় গ্রেপ্তারি পরোয়ানার আসামি গাফ্ফারের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে মারধরের চেষ্টা চালায়। ঘটনাস্থল থেকে সন্দেহজনকভাবে আরও দু’জনকে আটক করে পুলিশ। সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, আহত ব্যক্তির শনাক্তের ভিত্তিতে প্রাথমিকভাবে চিহ্নিত দুই ডাকাতের একজন গাফ্ফার। গ্রেপ্তারের পর দায় স্বীকার করেছে সে। ডাকাতির সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো।