ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা বিপাশা কবির মা শাহিদা কবির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাতে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন শাহিদা। তবে শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন বিপাশা। নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে পরিচিতি পান তিনি। পরিচালক শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ সিনেমার আইটেম গানে পারফর্মের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর প্রায় ৫০টির বেশি সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। আইটেম গানের পাশাপাশি চলচ্চিত্রে নায়িকা হিসেবেও অভিনয় করেছেন বিপাশা। তার সর্বশেষ কাজ ছিলো ‘সোলমেট’ সিনেমায়। এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই তিনি। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। তার মায়ের এমন আকস্মিক মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।
