বৌলাই নদীতে নিখোঁজ শিশু নুরের লাশ ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো

বৌলাই নদীতে নিখোঁজ শিশু নুরের লাশ ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো

ফন্ট সাইজ:

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত হাউজবোট থেকে ছিটকে পড়ে নিখোঁজ রুকাইয়া নুর (১০) নামের শিশুর লাশ ৪২ ঘণ্টা পর বৌলাই নদীতে ভেসে উঠেছে। রোববার (২৪ আগষ্ট) ভোরে পিরোজপুর গ্রামের বোরহান উদ্দিনের বাড়ির সামনে বৌলাই নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা শিশুটির লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় স্বজনদের কান্নায় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহত রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা চিকিৎসক শাহনুর রহমানের মেয়ে।

গত শুক্রবার সকালে রুকাইয়া নুরসহ পরিবারের সদস্যরা এবং আরও কয়েকজন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা হাউজবোটে’ করে মধ্যনগর থেকে যাদুকাটার উদ্দেশ্যে রওনা হন। বিকেলে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদী দিয়ে চলার সময় পরিবারের সদস্যদের অগোচরে হঠাৎ হাউজবোট থেকে পানিতে পড়ে যায় রুকাইয়া নুর।

শিশুটি পানিতে পড়ে যাওয়ার পর হাউজবোটে থাকা পর্যটক ও স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক দফা উদ্ধার অভিযান চালান। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের লাশ ঘটনার স্পট থেকে একটু দূরে উদ্ধার হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।