নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা থেকে ছোড়া ছররা গুলিতে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বারইচতল গ্রামে অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, বারইচতল গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সাকিবুল হাসান (১৬) ও কফিল উদ্দিন মো. শিপনের ছেলে সাকায়েত হোসেন নাদিম (১৬)। তারা দুইজন বেগমগঞ্জের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আহত সাকিব ও নাদিম জানায়, উপজেলার বাংলাবাজার থেকে সাকিবের ভাতিজা সাহিলসহ তারা তিনজন একটি মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলো।
পথে সিএনজিচালিত দু’টি অটোরিকশা তাদেরকে অনুসরণ করতে শুরু করে। পরে মোটরসাইকেল থামাতে বলা হয়। এ সময় তারা অটোরিকশার যাত্রীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পায়। তাই তারা মোটরসাইকেল না থামিয়ে এগিয়ে যান। তখন অটোরিকশা থেকে তাদেরকে লক্ষ্য করে পরপর দুই দফা গুলি ছোড়া হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান গণমাধম্যকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে ভুক্তভোগীদের সঙ্গে দেখা করে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
