ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও অতিথিদের ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হন কৃতী শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ।
তিনি বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজ, প্রধান শিক্ষক মো. শাহআলম, এডহক কমিটির সদস্য রাকিবুল ইসলাম, শিক্ষানুরাগী মাঈদুর রহমান ফয়েজ ও মো. আল মেরাজ। অনুষ্ঠানে ১৬০ জন কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমন সম্মাননা পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
