যে বয়সে মায়ের কোলে মুখ লুকিয়ে আর বাবার বুকে মাথা রেখে পৃথিবী চেনার কথা, সেই বয়সেই হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর লড়াইয়ে নেমেছিল সাড়ে পাঁচ মাসের মোহাম্মদ সাইফান। হামের পর একে একে দেখা দেয় শারীরিক নানা জটিলতা। শেষ পর্যন্ত জীবন বাঁচাতে তাকে রাখা হয় লাইফ সাপোর্টেও। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে বাবা-মায়ের কোল খালি করে চলে গেছে তাদের একমাত্র সন্তান সাইফান। শুক্রবার ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মাদ্রাসা রোডের ওয়াজ পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাইফানের বাবা মোহাম্মদ কাওছার স্থানীয় একটি দৈনিকের চিত্র সাংবাদিক। সাইফান ছিল এ দম্পতির প্রথম সন্তান। চলতি বছরের ৪ঠা মার্চ জন্ম হয়েছিল তার। প্রিয় সন্তানকে বুকে নেয়ার সাড়ে পাঁচ মাসের মাথায় তাকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা-মা। জানা যায়, গত ৭ই আগস্ট সকালে সাইফানের শারীরিক অবস্থা খারাপ হয়। এর আগে তার শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছিল। ফেনীর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তখন তার চিকিৎসা চলছিল। কয়েকদিন চিকিৎসা দেয়ায় তার অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফেনীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে টানা ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। গত বুধবার (২০শে আগস্ট) রাতে তাকে ঢাকার আরেকটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
সাইফানের বাবা মোহাম্মদ কাওছার বলেন, টানা ১৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিল সাইফান। শেষ দিকে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়। কিন্তু বৃহস্পতিবার রাত ১২টার পর সেখানেই মারা যায় সাইফান।
