ঢাকার নবাবগঞ্জ বৃক্ষবন্ধু পরিষদের উদ্যোগে ফলদ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা ও দড়িকান্দা গ্রামের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। এদিন হিমসাগর, গৌড়মতি, বারি-৪, বারোমাসি কাটিমন, নামডকমাই সিমূয়াং, ব্যানানা ম্যাংগো, মল্লিকা আমের চারা, দার্জিলিং কমলা, ড্রাগন, উন্নতজাতের জাম, শরবতি কাঠবেল, কাঁঠাল, থাই বারোমাসি কদবেল, চায়না-৩ সিডলেস লেবুসহ বিভিন্ন ফলের চারা রোপণ করা হয়। বৃক্ষবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী বলেন, মানুষ ও পাখিদের খাবারের জন্য ফলের চারা রোপণ করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
সংগঠনের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া বলেন, ‘গাছ আমাদের বন্ধু/ অক্সিজেনের সিন্ধু, গাছের ফল না বিকাবো/পাখির জন্য রেখে খাবো’ স্লোগানকে সামনে রেখে সকলের সহযোগিতায় কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে চাই। সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মিল্টন বলেন, আমরা ফলের চারা রোপণ ও উপহার দিয়েই দায়িত্ব শেষ করি না। একটি তদন্ত কমিটি সবসময় খোঁজ-খবর নিয়ে থাকেন। এ সময় সংগঠনের উপদেষ্টা বেগম বেদৌরা আলী শিমুল, আবু তাহের সান্টু, হায়দার আলী, পৃষ্ঠপোষক শেখ সেলিম, আনোয়ারা আক্তার, বেনজির ফারিয়াল, ইঞ্জিনিয়ার শহিদুল কায়সার সুরুজ, আঞ্জু কবির, ফেরদৌসী খানম, কার্যকরী সদস্য আবুল হোসেন মোল্লা, তামিম আদনান, মুহাম্মদ রাইস উদ্দিন, উজ্জ্বল আহমেদ, মো. মিন্টু, বিল্লাল খান দুলাল, সুবর্ণা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
