এতদিন কোনো ঘর ছিল না কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ছপিলা গ্রামের হতদরিদ্র মো. হাতিম মিয়ার। পরিবার-পরিজন নিয়ে আশ্রয়হীন অবস্থায় কষ্টে দিন কেটেছে তার। হাতিম মিয়ার সেই কষ্ট দূর করে তার মুখে হাসি ফুটিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। প্রবাসীদের এই সংগঠনটির পক্ষ থেকে তাকে টিনের একটি নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। শুক্রবার বাদজুমা আনুষ্ঠানিকভাবে ঘরটি বুঝিয়ে দেয়া হয় হাতিমকে।
ঘরটিতে এখন পরিবার-পরিজন নিয়ে স্বস্তিতে থাকতে পারবেন তিনি। ঘরটি হস্তান্তরের সময় কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের দুইজন উপদেষ্টা ইটনা উপজেলার চৌগাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান ও কিশোরগঞ্জ জজ কোর্টের আইনজীবী শাহ মো. আশ্রাফ উদ্দিন দুলাল, প্রবাসী মো. শাহজাহানের পিতা মো. ইব্রাহিম, মসজিদ কমিটির সভাপতি, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তি মোহাম্মদ আলী, স্থানীয় মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিগণ ফিতা কেটে ঘরের শুভ উদ্বোধন করে ঘরটি মো. হাতিম মিয়াকে বুঝিয়ে দেন। পরে সবার মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
