ঢাকার কেরানীগঞ্জে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সাবেক ছাত্রনেতা লিয়াকত হোসেন রিপন কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তান প্রমুখ।
এ সময় ছাত্র-ছাত্রীরা হুইলচেয়ার পেয়ে আনন্দিত হয়ে প্রধান অতিথির কাছে একটি স্থায়ী স্কুল ভবন ও একটি চলাচলের গাড়ি দাবি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি গয়েশ্বর রায় বলেন, বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিবন্ধীদের নিয়ে ভাবনা ছিল। বর্তমানেও আছে। তবে কিছু প্রতিবন্ধী যাদের হাত-পা আছে কিন্তু কাজ করে না চাঁদাবাজি করে তাদেরকে ছাড় দেয়া হবে না।
