কাফনের কাপড় পরে ব্যাংক গ্রাহকদের সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে জমা রাখা টাকা ফেরতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। গতকাল বিকালে পালংখালী স্টেশন চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন। প্রতিবাদের প্রতীক হিসেবে কয়েকজন গ্রাহক সাদা কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা তুলতে গিয়ে তারা নানা অজুহাতে হয়রানির শিকার হয়েছেন। পরে হিসাব যাচাই করে অনেকেই দেখতে পান, তাদের জমা করা টাকার বড় অংশ হিসাবেই নেই। ভুক্তভোগীদের দাবি, পালংখালী বাজারের ওই এজেন্ট আউটলেটের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। দ্রুত প্রকৃত হিসাব যাচাই করে তাদের জমাকৃত অর্থ ফেরত এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তারা। গ্রাহক আনোয়ার ফয়সাল আরিফ জানান, তার হিসাবে ৫ লাখ ৫৫ হাজার টাকা জমা থাকার কথা থাকলেও টাকা তুলতে গিয়ে জানতে পারেন, সেই অর্থ হিসাবেই নেই। একই অভিযোগ করেন আরও বহু গ্রাহক।

গ্রাহক মোহাম্মদ সোলাইমান বলেন, তিনি ৬ লাখ টাকা জমা রেখেছিলেন। কিন্তু হিসাব যাচাই করে দেখেন, তার অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৪ হাজার ৪৮০ টাকা। আবুল মঞ্জুরের দাবি, তার ৪ লাখ টাকার বিপরীতে হিসাবে দেখানো হচ্ছে মাত্র ৪০০ টাকা। আব্দুল কাদের জানান, তার সাড়ে ৫ লাখ টাকার বিপরীতে হিসাবে রয়েছে মাত্র ১ হাজার টাকা। নুরুল বশর বলেন, তিনি সাড়ে ৭ লাখ টাকা জমা রেখেছিলেন, অথচ হিসাবে রয়েছে মাত্র ৩ হাজার টাকা। এ ঘটনায় এরই মধ্যে এজেন্ট মালিক হাকিম উদ্দিন (৬৮) ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, ২০১৮ সালে পালংখালী বাজারের ইয়াকুব-মোস্তফা মার্কেটে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটটির কার্যক্রম শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পূর্বপরিচয়ের কারণে অনেক গ্রাহক সেখানে হিসাব খুলে নিয়মিত লেনদেন করতেন।

অভিযোগ করা হয়েছে, আউটলেটটির মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা যোগসাজশে হিসাবের বই, জমার রসিদ ও সংশ্লিষ্ট নথিতে জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের অর্থ অন্য হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করেছেন। এজাহার অনুযায়ী, গত ১৮ই আগস্ট গ্রাহকরা তাদের জমা রাখা ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা ফেরত চাইতে গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে এজেন্ট মালিক হাকিম উদ্দিন ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে আটক করেন। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

এ ঘটনায় আনোয়ার ফয়সাল আরিফ বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন। মামলায় এজেন্ট মালিক হাকিম উদ্দিন, ক্যাশিয়ার তাহসিন ইসলাম, ম্যানেজার হাবিব উল্লাহ ফরহাদ, অংশীদার মালিক বেলাল উদ্দিনসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।