টাঙ্গাইলের সখীপুরে ক্যান্সারে আক্রান্ত সেই মায়ের চিকিৎসার জন্য দুই লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে উপজেলার কলতান বিদ্যানিকেতনে ওই পরিবারের কাছে অনুদানের টাকা তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান। এ সময় তিনি ক্যান্সারে আক্রান্ত ওই মা লাইলী বেগম ও তার পরিবারের খোঁজখবর নেন। এর আগে ওই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।
এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি মো. খোরশেদুল আলম মিয়া, কলতান বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল, শিক্ষার্থী আপন প্রমুখ। আলোচনা সভা শেষে ওই স্কুল থেকে এ বছর পাস করা শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান। উল্লেখ্য, গত রোববার মানবজমিনের অনলাইনে এবং সোমবার মানবজমিনের প্রিন্টে ‘এসএসসি পাসের মিষ্টি না খেয়ে ক্যান্সারে আক্রান্ত মা’কে অর্থ উপহার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সোমবার বিকালে এ খবরটি প্রধানমন্ত্রীর নজরে আসে এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে স্থানীয় সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খানকে ওই মায়ের খোঁজখবর নেয়ার নির্দেশ দেন।
