যশোরের অভয়নগরে জলাবদ্ধ মাঠে ডুঙ্গাবাইচের আয়োজন করে অভিনব কায়দায় জলাবদ্ধতার প্রতিবাদ জানানো হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ডুঙ্গাবাইচ প্রতিযোগিতা গত শুক্রবার বিকালে উপজেলার ধোপাধী গ্রামের উলুর বটতলা এলাকায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দূর-দূরান্ত থেকে প্রায় ৪০টি ডুঙ্গা অংশ নেয়। জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী এই ডুঙ্গাবাইচ দেখতে মাঠের চারপাশে ভিড় করেন হাজারো দর্শনার্থী।
উৎসবমুখর পরিবেশে তিনটি রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। আয়োজকরা জানান, ভবদহের দীর্ঘদিনের জলাবদ্ধতার চিত্র সবার সামনে তুলে ধরতেই ব্যতিক্রমী এই ডুঙ্গাবাইচের আয়োজন করা হয়েছে। জলাবদ্ধ মাঠে নৌকা চলাচলের মধ্যদিয়ে তারা ভবদহের দুর্ভোগের বিষয়টি তুলে ধরার পাশাপাশি দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
