প্রায় দেড় যুগ পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের সাধারণ সদস্যদের কণ্ঠভোটের ভিত্তিতে ২৫ সদস্যবিশিষ্ট এ কার্যকরী পরিষদ গঠিত হয়। নবগঠিত কমিটিতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেলকে সভাপতি, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি হানিফ মোল্লাকে সাধারণ সম্পাদক এবং দেশ টেলিভিশনের প্রতিনিধি রাসেল মাহমুদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া দৈনিক মানবজমিন’র রূপগঞ্জ স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন জয়কে কার্যকরী সদস্য করা হয়েছে। নবগঠিত ২৫ সদস্যের কার্যকরী পরিষদে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মীরা স্থান পেয়েছেন। দীর্ঘদিন পর রূপগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হওয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ ও মানসম্মত সাংবাদিকতার বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
