ক্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

ক্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সকালে ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে সকাল ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা বেগম দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়ক পার হচ্ছিলেন নাফিসা। এ সময় একটি ক্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। ঘটনার পর মারিয়া নামের এক ইন্টার্ন চিকিৎসক নাফিসাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে ক্রেনের ধাক্কায় নাফিসা গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে। নাফিসার মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ক্রেনটি আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, বন্যার কারণে চট্টগ্রামে এইচএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গত বৃহস্পতিবার থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হয়েছে। শনিবার ছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা।