কিশোর গ্যাং প্রতিরোধে মৌলভীবাজারে মানববন্ধন

কিশোর গ্যাং প্রতিরোধে মৌলভীবাজারে মানববন্ধন

ফন্ট সাইজ:

মৌলভীবাজার শহরে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবিতে শিশু-কিশোর মেলা মৌলভীবাজার জেলার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় শিশু-কিশোর মেলার সংগঠক পোষী ভৌমিকের সভাপতিত্বে এবং সংগঠক তানিয়া আক্তার তিন্নির সঞ্চালনায় মৌলভীবাজার শহরের চৌমুনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- শিশু-কিশোর মেলা মৌলভীবাজার জেলার উপদেষ্টা বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, মৌলভীবাজার শহর শাখার সভাপতি শ্যামল সরকার ও সহ-সভাপতি বিজয় দাস প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মৌলভীবাজার শহরে প্রতিনিয়ত বাড়ছে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কার্যক্রম। কয়েকদিন আগে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক মাদ্রাসাশিক্ষার্থী। এই বিপথগামী কিশোরদের সমাজের এক অংশের মানুষ তাদের নিজেদের স্বার্থে এই তরুণদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে যুক্ত রাখছে। অভিভাবকসহ সকল মানুষই আজ কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডে খুবই উদ্বিগ্ন। কিশোরদের মননশীলতা বিকাশে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দরকার প্রশাসনিক ও সামাজিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তারা জেলা শহর থেকে কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।