ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে চিরজীবনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। শনিবার সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃস্থাপনকৃত ঐতিহাসিক নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া আমাদের সেই মা। তার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আমরা প্রস্তাব করেছিলাম, তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহীর আরএমপি’র শুভ সূচনা করছিলেন এবং সেই সময় এখানে ভিত্তিপ্রস্তর করেছিলেন। আজকের এইদিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।
আল্লাহ তায়ালা আমাদের মাকে জান্নাতবাসী করুণ। শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজকে তার জন্য কাঁদছে। ?১৯৯২ সালে তিনি এই মাটিতে এসেছিলেন। আর এই আরএমপি রাজশাহী প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।
আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি এড. শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে আরএমপিতে নামফলক ছিল না।
