মাদ্রাসার ছাত্রকে বলাৎকার কারাগারে শিক্ষক

ফন্ট সাইজ:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি মাদ্রাসায় ১৫ বছর বয়সী শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক মাঞ্জুল হাসান চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। জানা যায়, মাদ্রাসার আবাসিক ভবনে শিক্ষক মাঞ্জুল ও ওই ছাত্র পাশাপাশি কক্ষে থাকতো। গত ১৫ই জুলাই রাত আড়াইটার দিকে ওই ছাত্র নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় শিক্ষক নিজে অসুস্থ হয়ে পড়েছে বলে কৌশলে ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নেয়। সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে বলাৎকার করা হয়। এ ঘটনা কাউকে জানালে শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি দেয় মাঞ্জুল।

পরে ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে আবারো ধর্ষণের সুযোগ খুঁজতে থাকে ও নানাভাবে নির্যাতন করতে থাকে। লজ্জা ও নির্যাতন সইতে না পেরে গত বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার একটি কক্ষে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ তার অভিভাবককে জানায়। খবর পেয়ে অভিভাবকরা এলে ধর্ষণের ঘটনা জানতে পারেন। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা করেন ওই ছাত্রের বাবা। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আলম।