গাজীপুরে নিটিং ফ্যাক্টরিতে ডাকাতি

ফন্ট সাইজ:

গাজীপুরে এক নিটিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাতদল কারখানার নিরাপত্তাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে আনুমানিক ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। গতকাল দিবাগত গভীর রাতে মহানগরীর কাশিমপুরের বড় ভবানীপুর এলাকায় মির্জা অ্যাপারেলস লিমিটেড নিটিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ জানান, ফ্যাক্টরির বাউন্ডারি ওয়াল টপকে জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে ১০ থেকে ১৫ জনের ডাকাতদল।

তারা দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল নিয়ে ফ্যাক্টরির ভেতরে ঢুকেই নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে পাটের রশি ও ফেব্রিক্স দিয়ে হাত-পা বেঁধে ফেলে। বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। এরপর গেইটের তালা কেটে ৩০ লাখ টাকা মূল্যের সাত হাজার ৩৫০ কেজি সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ এ বিষয়ে গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।