সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে নৌকা বাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’। অন্যদিকে আয়োজকরা বলছেন, ২৮শে আগস্ট ঐতিহ্যবাহী আয়োজনটি সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছেন তারা। এ নিয়ে দু’পক্ষই মুখোমুখি অবস্থানে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ‘কোনো নৌকা বাইচ হবে না’ বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম। তিনি বলেন, বিষয়টি বিট কর্মকর্তার মাধ্যমে শুনেছি, ওইখানে দু’টি পক্ষ রয়েছে। আমরা বলে দিয়েছি জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকা বাইচ হবে না। জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনেক বছর ধরে চলা এ প্রতিযোগিতায় অতীতে কোনো বাধার মুখে পড়েননি আয়োজকরা। কিন্তু এবার ‘তৌহিদী জনতার’ ব্যানারে একটি গোষ্ঠী এই প্রতিযোগিতা বাতিলের দাবি জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করছে।
এ ছাড়া গত বৃহস্পতিবার বারইগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে এক সভা করে প্রতিযোগিতাটি বাতিল করার দাবি জানিয়েছে কয়েকজন। নাম প্রকাশ না করার শর্তে লাউতা ইউনিয়নের এক বাসিন্দা বলেন, স্থানীয় যুবকরা দীর্ঘদিন ধরে সোনাই নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করে আসছে। কিন্তু কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ফেসবুকে নৌকা বাইচ প্রতিযোগিতার বিরুদ্ধে লেখালেখি করছে। এতে পরিস্থিতি খারাপ হতে পারে। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, নৌকা বাইচ যথাসময়ে হবে। প্রস্তুতির বিষয়ে গত শুক্রবার আমরা মিটিং করেছি, আজও (শনিবার) সন্ধ্যার দিকে আরেকটা মিটিং আছে। নৌকা বাইচ হচ্ছে।
