উচ্চতর প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে ক্যাপস্টোন কোর্সের সনদ নিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণভিত্তিক ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) মর্যাদাপূর্ণ ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’ সফলভাবে সম্পন্ন করেছেন। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফেলোদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় এম নাসের রহমানও সেনাপ্রধানের কাছ থেকে তার কোর্স সম্পন্নের সনদ গ্রহণ করেন। তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মোট ৩৯ জন ফেলো অংশ নেন। তাদের সঙ্গে কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন নাসের। সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোর্স সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী ফেলোদের অভিনন্দন জানান। জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিজ নিজ সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অব্যাহত সংলাপ ও ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এনডিসি’র অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে ‘ক্যাপস্টোন কোর্স’ পরিচালিত হয়।
জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা, কৌশলগত বিষয়, নেতৃত্ব, নীতিনির্ধারণ এবং উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গঠনমূলক চিন্তাধারার বিকাশ, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই এ কোর্সের অন্যতম লক্ষ্য। কোর্স চলাকালে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, নিরাপত্তা পরিস্থিতি, কৌশলগত চ্যালেঞ্জ, রাষ্ট্রীয় নীতি ও টেকসই উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ পান অংশগ্রহণকারী ফেলোরা। এর মাধ্যমে বিভিন্ন পেশা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হয়। সমাপনী অনুষ্ঠানে সশস্ত্রবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসি’র অনুষদ সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
