গণপিটুনিতে কথিত গরুচোরের মৃত্যু

ফন্ট সাইজ:

ঝিনাইদহের কালীগঞ্জের বাদুরগাছা গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক অজ্ঞাতনামা দুই সন্দেহভাজন চোরের মধ্যে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিলুফা বেগম নামে এক নারী জানান, গভীর রাতে তার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে দুইজন। এ সময় টের পেয়ে তিনি চিৎকার দিলে গ্রামবাসীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে।

এ সময় উত্তেজিত জনতা দু’জনকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।