চট্টগ্রামে একটি শপিংমলের সিনেপ্লেক্সের শৌচাগারে গোপনে এক নারীর ভিডিও ধারণের অভিযোগে জিতু পাল (২৩) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নগরের নাসিরাবাদে ফিনলে স্কয়ারের সিনেপ্লেক্সে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জিতু পাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। তিনি গত সাত থেকে আট মাস ধরে ওই সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ওই নারী সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান। সিনেমা চলাকালে তিনি শৌচাগারে প্রবেশ করেন। এ সময় বাইরে থেকে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে তার ভিডিও ধারণ করা হচ্ছে বলে তিনি বুঝতে পারেন। বিষয়টি টের পেয়ে ওই নারী শৌচাগার থেকে বের হয়ে সন্দেহভাজন জিতু পালকে হাতেনাতে আটক করেন। পরে তিনি চিৎকার শুরু করলে আশপাশের দর্শনার্থী ও সিনেপ্লেক্সের নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে আসেন। এ সময় জিতুর ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে ওই নারীর ভিডিও পাওয়া যায়।
একইসঙ্গে বিভিন্ন সময়ে গোপনে ধারণ করা আরও কয়েকজন নারীর ভিডিও ফুটেজও মোবাইল ফোনে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে পাঁচলাইশ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতু পালকে আটক করে থানায় নিয়ে যায়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
